রাজধানীর কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে হেফাজতে নিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের শিশু বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।
ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, ‘আমার পাঁচ বছর বয়সের ভাতিজি স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়ে। রোববার দুপুরে আটিবাজার সংলগ্ন একটি গ্রামে বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরলে শিশুর রক্তক্ষরণে বাবা-মা বিষয়টি জানতে পারে। পরে অসুস্থ শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ও হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’
অভিযুক্ত কিশোরকে কেরানীগঞ্জ থানা-পুলিশ আটক করেছে বলেও জানান ভুক্তভোগী শিশুর ফুপু। তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুর বাবা রাত থেকেই কেরানীগঞ্জ থানাতে আছেন।’
0 Comments